রাহানের সেঞ্চুরিতে ব্যাকফুটে অজিরা

স্পোর্টস ডেস্ক

বক্সিং ডে টেস্টে এখনো পর্যন্ত বিরাট কোহলির অভাব বুঝতে দেননি আজিঙ্কা রাহানে। প্রথম দিনই সুনিপুণ ভাবে দেখিয়েছেন নেতৃত্বের দক্ষতা। গতকাল অজি বোলারদের ওপর রাজত্ব চালালেন ব্যাট হাতে। তার অসাধারণ সেঞ্চুরিতে মেলবোর্নে ৮২ রানে এগিয়ে আছে ভারত। যার ফলে হতাশায় দিন কাটে স্বাগতিক অস্ট্রেলিয়ার।

বল হাতে ১৯৫ রানে গুটিয়ে যাওয়ার ক্ষত মেটাতে শুরুটা ভালোই করে টিম পেইনের দল। ১ উইকেটে ৩৬ রানে খেলতে নামা ভারত ৬৪ রানেই হারিয়ে ফেলে তিন উইকেট। তবে প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে যান অধিনায়ক রাহানে। মিডল অর্ডারদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে তুলতে থাকেন শক্ত অবস্থানে।

অথচ স্লিপ ফিল্ডারদের ভুলে কী মাশুলটাই না দিচ্ছেন মিচেল স্টার্ক-প্যাট কামিন্সরা। তাই ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার (৪০) সঙ্গে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত আছেন আজিঙ্কা রাহানে। তার নিজের রানও ১০৪। বৃষ্টি বাধায় আগেভাগেই দিনের খেলার ইতি টানায় ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দিন শেষ করে ভারত। অজিদের হয়ে দুটি করে উইকেট নেন স্টার্ক ও কামিন্স।

সংক্ষিপ্ত স্কোর :অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৯৫। ভারত ১ম ইনিংস :৯১.৩ ওভারে ২৭৭/৫ (গিল ৪৫, রাহানে ১০৪*, জাদেজা ৪০*; স্টার্ক ৬১-২, কামিন্স ৭১-২)