স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পুলিশ উঠতে পারবে কি না, তা নিশ্চিত নয়। আগামী বুধবার এই গ্রুপে শেখ জামাল ও শেখ রাসেলের খেলা রয়েছে। ড্র হলে পুলিশ বিদায় নেবে। তাই সেই খেলার ফলাফলের ওপর নির্ভর করছে পুলিশের ভাগ্য। তার আগ পর্যন্ত ঝুলে থাকতে হবে। গতকাল পুলিশ ও শেখ জামালের খেলাটা ২-২ গোলে ড্র হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যায় হওয়া ম্যাচে ১০ মিনিটে পুলিশ স্বাধীনের গোলে প্রথমার্ধ পর্যন্ত এগিয়ে ছিল। ৫১ মিনিটে শেখ জামালের ওমর গোল শোধ করেন (১-১)। পুলিশের সর্বনাশ হয়েছে নিজেদের ভুলে ৭৮ মিনিটে আত্মঘাতী গোলের শিকার হয়ে। আরিফুলের ভুলে। ৭৯ মিনিটে আফ্রিকান ফুটবলার সলোমন কিংয়ের গোলে ম্যাচ ড্র করে শেখ জামাল (২-২)।