স্পোর্টস ডেস্ক
মাউন্ট মঙ্গানুইয়ে টানা দুই দিন হাসিমুখেই শেষ করল নিউজিল্যান্ড। অন্যদিকে আক্ষেপে পুড়ছে পাকিস্তানি বোলাররা। ক্যাচ ও ফিল্ডিং মিসের মহড়া না হলে হয়তো ৪০১ রানে পিছিয়ে থাকতে হতো না দলকে। গতকালের খেলা শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। আবিদ আলি ১৯ ও মোহাম্মদ আব্বাস শূন্য রানে অপরাজিত আছেন। এর আগে ৩ উইকেটে ২২২ রান নিয়ে মাঠে নামে কিউইরা। শতক তুলে নিতে দেরি করেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ইয়াসির শাহর ঘূর্ণিতে ১২৯ রানেই থামতে হয় তাকে। তার সঙ্গে ১৩৩ রানের জুটি গড়ে আগেই সাজঘরে ফেরেন হেনরি নিকোলস (৫৬)। এরপর টেল এন্ডারদের নিয়ে মাটি কামড়ে পড়ে থাকেন বিজে ওয়াটলিং (৭৩)। তার লড়াকু ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৪৩১ রানে অলআউট হয় স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে চারটি উইকেট নেন পেসার শাহীন শাহ আফ্রিদি ও ইয়াসির শাহ নেন ৩ উইকেট।