স্বাগত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

১৯টি বিশ্ববিদ্যালয় একমত হয়েছে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী তরুণ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য এই মুহূর্তে এর থেকে ভালো খবর আর হতে পারে না। ভালো এই অর্থে যে, করোনার এই মহাদুর্যোগকালে শিক্ষার্থীদের অন্তত ১৯টি বিশ্ববিদ্যালয়ে দৌড়োদৌড়ি করতে হবে না। গুচ্ছভুক্ত হওয়া এই ১৯টি বিশ্ববিদ্যালয়ের যেটি শিক্ষার্থীর নিজ এলাকায় অবস্থিত, সেখানে বসে পরীক্ষা দিলে একইসঙ্গে ১৯টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া হয়ে যাবে। এতে তাদের সময়, অর্থ, পরিশ্রম, উদ্বেগ-উত্কণ্ঠা কমবে। করোনাকালে এর চেয়ে স্বস্তিকর আর কী হতে পারে।

সব সরকারি মেডিক্যাল কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ডিগ্রি কলেজগুলো দীর্ঘদিন ধরে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করে চলেছে। এবার ১৯টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বেটার লেট দ্যান নেভার। আরো স্বস্তির খবর হতো যদি দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই গুচ্ছে যোগ দিত। আমরা এখনো আশাবাদী, যারা এখনো এই গুচ্ছে যোগ দেয়নি, তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

সন্তোষ দাস

খুলনা