বাংলা একাডেমি ফেলোশিপ পেলেন সাত বিশিষ্টজন

ইত্তেফাক রিপোর্ট

বাংলা একাডেমি প্রবর্তিত, পরিচালিত এবং ফেলোশিপ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলা একাডেমির ৪৩তম বার্ষিক সাধারণ সভা। শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এরপর দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রয়াত গুণী ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে একাডেমির প্রয়াত সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে নিবেদিত, হাবীবুল্লাহ সিরাজী ও পিয়াস মজিদ সম্পাদিত বাংলা একাডেমি ও আনিসুজ্জামান গ্রন্থের গ্রন্থ-উন্মোচন করা হয়। সভায় দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়। ফেলোশিপপ্রাপ্তরা হলেন—ডা. সারওয়ার আলী (মুক্তিযুদ্ধ), নুুরুল ইসলাম নাহিদ (শিক্ষা), নুহ-উল-আলম লেনিন (সমাজদর্শন ও সাহিত্য), অধ্যাপক ডা. এ কে আজাদ খান (চিকিত্সাসেবা), লিয়াকত আলী লাকী (সংস্কৃতি), জুয়েল আইচ (জাদুশিল্প) এবং মনজুরুল আহসান বুলবুল (সাংবাদিকতা)। এরপর বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার এবং বাংলা একাডেমির পরিচালিত আরো তিন পুরস্কার প্রদান করা হয়। শিল্পী সাধন ঘোষ বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২০; প্রাবন্ধিক রফিক কায়সার সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২০; শিশুসাহিত্যিক শাহরিয়ার কবির কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০২০; এবং প্রাবন্ধিক জুলফিকার মতিন সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২০-এ ভূষিত হয়েছেন।