ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ হাসান (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নাগপাড়া গ্রামের ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের ইখতিয়ার হোসেনের ছেলে ও বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পারভেজ মামার মোটরসাইকেল চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত পারভেজকে স্থানীয়রা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে শনিবার রাতে ট্রলির ধাক্কায় মোটর সাইকেল আরোহী সোহেল রানার মৃত্যু হয়েছে। রাত ১১টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের নাকসী মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফরিদ শেখের ছেলে। তিনি স্টিলের বাক্স তৈরির কারিগর ছিলেন। রাতে বাড়ি ফেরার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত সোহলে রানাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ হোসেন বলেন, এ ব্যাপারে প্রয়োজনী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।