বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রধানমন্ত্রীর অনুমোদিত ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় বড়াইগ্রামের বনপাড়া পৌরসভাসংলগ্ন হারোয়া ভবানীপুর এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া ফায়ার সার্ভিস থেকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনকালে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বড়াইগ্রামে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জোর দাবি জানান।