ভেদরগঞ্জে রাস্তায় কুড়িয়ে পাওয়া শিশুটি মারা গেছে

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না ভেদরগঞ্জের চরভাগা ইউনিয়নের বঙ্গবন্ধু স্কুলের পাশে রাস্তায় কুড়িয়ে পাওয়া সেই শিশুটিকে। রবিবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিচয়হীন শিশুটির দায়িত্ব নিয়েছিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান। শরীয়তপুরের জেলা প্রশাসক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহম্মেদ খান বলেন, শিশুটির শরীরে তাপমাত্রা ছিল না। তাছাড়া ওজনও কম ছিল। এ কারণেই মারা গেছে। উল্লেখ্য, সম্প্রতি উপজেলার সখিপুর থানার চরভাগা বঙ্গবন্ধু স্কুলের রাস্তার পাশে পাথরের ওপর নবজাতক কন্যা শিশুকে পড়ে থাকতে দেখে স্থানীয় একজন উদ্ধার করেন। পরবর্তীতে ইত্তেফাকের ভেদরগঞ্জ উপজেলা সংবাদদাতা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফকে বিষয়টি জানালে তাত্ক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়ে শিশুকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।