১৭ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থায় উঠে এসেছে। মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সেই সঙ্গে ডিএসইতে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। এতে ছয় মাস পর ডিএসইতে ১ হাজার ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩২৮ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে ২০১৯ সালের ৭ জুলাইয়ের পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে এলো। গত বছরের ৭ জুলাই সূচকটি ৫ হাজার ৩৩৩ পয়েন্টে ছিল। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে উঠে এসেছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ৬৫টি এবং ৫৯টির দাম অপরিবর্তিত। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৪০৫ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১২৩ কোটি ৬২ লাখ টাকা। এর মাধ্যমে চলতি বছরের ২৮ জুনের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। গত ২৮ জুন বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) কিনে নেয় আর এক বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। ফলে ঐ দিন ডিএসইতে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়। এরপর গতকালের আগে গত ছয় মাসে ডিএসইতে আর ১ হাজার ৫০০ কোটি টাকার লেনদেন হয়নি।

বড় অঙ্কের এই লেনদেনের দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো শেয়ার। কোম্পানিটির ১২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ৮৩ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৭৯ কোটি ৬৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৭০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৮টির এবং ৪৪টির দাম অপরিবর্তিত।