আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে সাকিব

সাকিব আল হাসানের মুকুটে যুক্ত হলো আরো একটি অর্জনের পালক। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় গতকাল রবিবার আইসিসি ঘোষিত দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

প্রথমবার ২০০৯ সালে বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডারদের চূড়ায় উঠেছিলেন সাকিব। ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার হন তিনি। বাংলাদেশ প্রথমবার পায় বিশ্বসেরার স্বীকৃতি। পরে টেস্ট, টি-২০তেও এক নম্বর অলরাউন্ডারের আসন নিজের দখলে নিতে সক্ষম হয়েছিলেন। তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব নেই আর কারো। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকেও নেতৃত্ব দিয়েছেন সাকিব। ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্স করেছেন এই বাঁহাতি। দুটি সেঞ্চুরিসহ ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছেন এই বাংলাদেশি। চোখ ধাঁধানো এই পারফরম্যান্সের পর ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় নিষিদ্ধ হয়েছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে গত ২৯ অক্টোবর মুক্ত হন সাকিব। বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে ফিরেছেন ক্রিকেটে।

দীর্ঘ সময় ধরে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সাকিবের ঠাঁই হয়েছে দশকসেরা ওয়ানডে একাদশে। গতকাল তিন ফরম্যাটেই গত ১০ বছরের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। নারী ক্রিকেটেও ওয়ানডে, টি-২০’র দশকসেরা একাদশ ঘোষণা করা হয়েছে। যা গঠন করা হয়েছে ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। এই সময়কালে ওয়ানডেতে ১০৪ ম্যাচে ৪০.৫৬ গড়ে ৪ সেঞ্চুরিসহ ৩ হাজার ৪৮৯ রান করেছেন সাকিব। পাশাপাশি বল হাতে ৩১.৬১ গড়ে নিয়েছেন ১৩১ উইকেট।

সাকিব ছাড়া ওয়ানডে একাদশে নেই বাংলাদেশের আর কোনো ক্রিকেটার। গতকাল আইসিসির ঘোষিত পাঁচটি দলে (পুরুষ, নারী) বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বাঁহাতি এই অলরাউন্ডার। ওয়ানডে দলে সাকিবের সঙ্গী হিসেবে আছেন তিন ভারতীয় ক্রিকেটার। এছাড়া অস্ট্রেলিয়ার দুই, দক্ষিণ আফ্রিকার দুই, ইংল্যান্ডের এক, নিউজিল্যান্ডের এক ও শ্রীলঙ্কার এক ক্রিকেটার আছেন এ দলে।

দশকসেরা ওয়ানডে দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাঁধে। আইসিসি দশকসেরা টি-টোয়েন্টি একাদশেরও অধিনায়ক তিনি। আর টেস্ট একাদশের অধিনায়ক বিরাট কোহলি। এদিকে, একমাত্র ক্রিকেটার হিসেবে দশকসেরা তিন ফরম্যাটের একাদশেই জায়গা পেয়েছেন কোহলি।

দশকসেরা ওয়ানডে একাদশ : রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।

দশকসেরা টেস্ট একাদশ : অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, কুমার সাঙ্গাকারা (উই:), বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

দশকসেরা টি-টোয়েন্টি একাদশ : রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উই:), কাইরন পোলার্ড, রশিদ খান, জসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।