প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারলে সব দিক দিয়েই দেশ এগিয়ে যাবে, আর সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। বর্তমান সরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে একটি সার্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায়। গতকাল রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হওয়া নতুন ড্যাশ-৮-কিউ-৪০০ উড়োজাহাজ ‘ধ্রুবতারা’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের সময়ে অনেকগুলো আধুনিক এবং উন্নতমানের উড়োজাহাজ কেনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আজকে যে বিমানটা আমরা উদ্বোধন করতে যাচ্ছি, সেটা যেমন আমাদের অভ্যন্তরীণ যোগাযোগটা বাড়াবে, পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারব।’
বিমানের নতুন ড্যাশ-৮-কিউ-৪০০ উড়োজাহাজটির নাম রাখা হয়েছে ‘ধ্রুবতারা’, যে নামটি প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন। স্বাধীনতার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নামকরণ জাতির পিতা নিজেই করেছিলেন জানিয়ে তার মেয়ে শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকারের সময়ে বিমানের নতুন উড়োজাহাজগুলোর নামকরণ বাংলাদেশের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে করা হচ্ছে।’
ফেব্রুয়ারি মাসে কানাডা থেকে কেনা আরো দুটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হবে জানিয়ে দেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়ন এবং উন্নয়নে সরকারের উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আশপাশের সব দেশের সঙ্গে আমরা একটা যোগাযোগ স্থাপন করতে চাই। আমি মনে করি যে, বিমানের এই সংযোগগুলো ভবিষ্যতে কাজে লাগবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রচেষ্টা শুধু দেশের অভ্যন্তরে না, আন্তর্জাতিক পরিমন্ডলেও যোগাযোগটা আমরা কীভাবে বাড়াতে পারি, কীভাবে উন্নত করতে পারি দেশকে, আমরা সারা বিশ্বে একটা যোগাযোগ তৈরি করব। কারণ, যে কোনো উন্নয়নের জন্য ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য এটা একান্তভাবে দরকার। এ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারায় নিজের দুঃখের কথাও নিজের বক্তৃতায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধ্রুবতারার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন। আর গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুষ্ঠান সঞ্চালনা করেন।