মোট মৃতের মধ্যে ১০ বছরের কম বয়সি ৩৪ জন

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৪৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৪ জনের বয়স ১০ বছরের কম। গতকাল রবিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৪৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৯ হাজার ১৪৮ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৪৭৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছে গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫১ হাজার ৯৬১ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৪টি জিন-এক্সপার্ট ল্যাব ও ২৯টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ১৬৭টি ল্যাবে ৯ হাজার ৯১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৯১০টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ লাখ ১৭ হাজার ৬৮৩টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ২২৭টি।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৬ জন পুরুষ আর নারী আট জন। তাদের ২৩ জন হাসপাতালে এবং একজন বাড়িতে মারা গেছেন। তাদের মধ্যে ১৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি; সাত জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৭ জন ঢাকা বিভাগের, তিন জন চট্টগ্রাম বিভাগের, দুই জন করে মোট চার জন খুলনা এবং রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।