ইরানে তুষারপাতে ১১ পর্বতারোহী নিহত

ভয়াবহ তুষারপাতে ইরানে ১১ পর্বতারোহী নিহত হয়েছেন। আলবোর্জ পর্বতমালায় ঘটা এই দুর্ঘটনায় সাত জন ক্রু নিখোঁজ রয়েছেন। রাজধানী তেহরানের উত্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি গতকাল নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবর আলজাজিরা ও পার্স টুডের

ইরানের পর্বতারোহণ ও স্পোর্ট ক্লাইম্বিং ফেডারেশনের প্রধান রেজা জারেয়ি গতকাল রবিবার জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য অভিযান চলছে। তবে প্রচণ্ড তুষারপাত এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে। তিনি ইরানের ফার্স নিউজকে জানান, প্রচণ্ড তুষারপাতের পর অন্তত ১৫ মিটার বরফ জমেছে। রোদ ওঠার পর আরো তুষার ধসের ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় উদ্ধারকর্মীদের জীবনের বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে। রেড ক্রিসেন্টের জরুরি বিভাগের কর্মী মেহদি ভালিপোর জানান, ঘটনাস্থলে ১০ জন এবং উদ্ধারের পর হাসপাতালে এক জনের মৃত্যু হয়।কয়েক দিনের প্রবল তুষারপাতের ফলে গত শুক্রবারের পর থেকে বহু পর্বতারোহী আলবোর্জ পর্বতমালায় আটকা পড়েছেন। এর মধ্যে শুক্রবারেই দুই জন মারা যান। তেহরানের ফায়ার সার্ভিস এবং ও রেড ক্রিসেন্ট সোসাইটির ১৬ জন উদ্ধারকারীর দুটি দল নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তত্পরতা শুরু করেছেন।