প্রায় সাড়ে তিন হাজার বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিতরা হলো :আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আরিফ হোসেন ওরফে শাহিন, হাসান মিয়া, ইমতিয়াজ হোসেন, নাজমুল হাসান ওরফে অপু, রুহুল আমিন, আলমগীর হোসেন ও সৈয়দ মিজানুর রহমান। গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতের কাঠগড়ায় ছিল। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
২০১২ সালের ১৭ জানুয়ারি মিরপুরে মাইক্রোবাস ও প্রাইভেট কারে অভিযান চালিয়ে ৩ হাজার ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় দারুস সালাম থানায় মামলা করা হয়। অভিযোগপত্র দাখিলের পর অভিযোগ গঠন করে আসামিদের বিরুদ্ধে। এতে ১৪ জন সাক্ষীর মধ্যে সাত জন সাক্ষ্য দেন। সাক্ষ্য ও জেরা এবং যুক্তিতর্ক শেষে এ রায় দেয় আদালত।