পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন 

উত্তরের জেলা গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ গড়ে তোলার দাবি জানিয়েছে জেলা শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের ডিবি রোডে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করে জেলা শহরের শিক্ষার্থী এবং 'আমাদের গাইবান্ধা' সংগঠন। 

তাদের দাবি, পার্শ্ববর্তী  জেলাগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া কাজ বাস্তবায়ন হলেও উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাইবান্ধা জেলায় নেই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ। বরাবরের মতো এবারো পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হয়েছে উত্তরের এ জনপদটি।  এতে অনেকটাই পিছিয়ে পড়েছে গাইবান্ধা জেলা।

এ সময় দাবি বাস্তবায়নে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনে অংশগ্রহণকরা সাধারণ শিক্ষার্থীরা।

দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন 'আমাদের গাইবান্ধা' সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাভভির রহমান রিদিম। বক্তব্যে গাইবান্ধা জেলাকে এগিয়ে নিতে তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। এ সময় রক্তযোদ্ধা সংগঠন, বৈচিত্র্যময় বালাশীসহ কয়েকটি সংগঠন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। পাশাপাশি গাইবান্ধা পৌর পার্ক থেকে মৌন মিছিল নিয়ে তারা ডিবি রোডে অবস্থান করে।

ইত্তেফাক/এএইচপি