বছরের প্রথম দিনে পরিবারের সদস্যদের জন্য খাবারের স্বাদে বৈচিত্র্য আনতে ঘরেই তৈরি করতে পারেন ভিন্নরকম পদ। রেসিপিগুলো দিয়েছেন
নাসরিন মাহমুদ
ইয়াখনি পোলাও
উপকরণ:পুটলি তৈরির জন্য:ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, লবঙ্গ ৫-৬টি, এলাচ ৫-৬টি, গোল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, কালো এলাচ ১টি, জায়ফল ছোট ২টি , দারুচিনি ৩ টুকরো। এবার সবগুলো মসলা একটা কাপড়ে বেঁধে পুটলি বানিয়ে নিতে হবে। তারপর খাসির মাংস ১ কেজি (১৮-২০ টুকরা), পোলাও চাল ৪ কাপ, আদা ১টি স্লাইস করে কাটা, রসুন ৮-৯ কোয়া মাঝ বরাবর কাটা, পেঁয়াজ ৪-৫টি মোটা মোটা করে টুকরো করা, স্টার এনিস আস্ত ১টি, বড় এলাচ ১টি, কাচা মরিচ চেরা ৪-৫টি, দারুচিনি ৩ টুকরো, এলাচ সবুজ ৫-৬টি, লবঙ্গ ৫-৬টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টক দই ১ টেবিল চামচ, বাদাম গুঁড়া ১ টেবিল চামচ, ঘি ও তেল ১/২ কাপ পরিমাণ, পরিমাণমতো লবণ, পরিমাণমতো কেওড়া ও গোলাপ জল, আলু বখারা ১০-১২টি, কিসমিস ১ টেবিল চা পরিমাণ।
প্রস্তুত প্রণালি:প্রথমে পেসার কুকারে মাংস, আদা স্লাইস, রসুনের কোয়া, পেঁয়াজ টুকরো, লবণ, টমাটো টুকরো, স্টার এনিস, বড় এলাচ, কাচা মরিচ চেরা, মসলার পুটলিতে পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে মাংসের ঝোল থেকে মাংস আলাদা করে নিতে হবে এবং মসলার পুটলি ফেলে দিতে হবে। এখন একটি পাত্রে ঘি, তেল, দারুচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি দিয়ে হাল্কা করে ভেজে নিতে হবে। তারপর এতে আদা বাটা, রসুন বাটা, মাংস সিদ্ধ, টক দই, বাদাম গুঁড়া, লবণ, পোলাও চাল দিয়ে হাল্কা ভেজে তাতে মাংসের ঝোল ও পরিমাণমতো পানি দিতে হবে। পোলাও চাল ভালোমত ফুটে এলে দমে বসাতে হবে। নামানোর আগে কেওড়া জল, গোলাপ জল, আলু বখারা, কিসমিস ও কাচা মরিচ দিয়ে নামিয়ে নিতে হবে।
মেজবানি গরুর মাংস
উপকরণ:মৌরি ২ টেবিল চামচ, সাদা সরিষা ১ টেবিল চামচ, মেথি ১ টেবিল চামচ, জিরা ২ টেবিল চামচ, পোস্ত দানা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, জয়ত্রী ১০ গ্রাম, জায়ফল ১টি (ছোট), শুকনো মরিচ ৩/৪টি, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ। এবার সবগুলো মসলা একসঙ্গে গুঁড়া করে সেখান থেকে ১ চা চামচ নিলেই হবে।
এবার নিতে হবে গরুর মাংস ২ কেজি, কলিজা ৫০০ গ্রাম, মগজ ২৫০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ, স্টার অ্যানিস ৩-৪ পাপড়ি, পেঁয়াজ কুচি ১ কাপ, ছোট এলাচ ৫-৬টি, বড় এলাচ ২-৩টি, লবঙ্গ ৭-৮টি, পরিমাণমতো দারুচিনি, তেজপাতা ৩টি, কাবাব চিনি ১০-১২টি, শুকনো মরিচ ৫-৬টি, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, ঘি ১/২ কাপ, টমাটো ১ কাপ, পেঁয়াজ বেরেস্তার তেল ১ কাপ।
প্রস্তুত প্রণালি:কলিজা ও মগজ হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই মাংসে হাড়, সলিড মাংস, পায়া, কলিজা সব থাকবে। মসলার গুঁড়া ৩ ভাগে ভাগ করে ধাপে ধাপে দিতে হবে। এবার মাংস ও ঘিয়ে সব মসলার ১ ভাগ মিক্স করে প্রেসার কুকারে দিতে হবে। প্রেসার কুকারে ১ সিটি হাই হিটে এবং ২ সিটি লো হিট দিন। এরপর নামিয়ে ডাকনা খুলে টমাটো কুচি, গরুর মগজ, কলিজা দিয়ে হালকা আঁচে কসাতে হবে। একটু পরপর ১/২ কাপ পানি দিয়ে কসাতে হবে। ১০-১৫ মিনিট পর আবার গরম মসলা, মেজবানি মসলা ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে আবারও চুলায় বসাতে হবে। এবার মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে।