এগিয়ে থেকেও চাপে অস্ট্রেলিয়া

মেলবোর্নে ২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। কিন্তু পিছিয়ে থাকলেও বক্সিং ডে টেস্টের চালকের আসনে বসে আছে ভারত। আজ দ্রুতই ৪ উইকেট নিয়ে ফেললে জয় পাওয়াটা সময়ের ব্যাপার আজিঙ্কা রাহানের দলের।

গতকাল ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দিন শুরু করা ভারত অলআউট হয় ৩২৬ রানেই। সেঞ্চুরি করা রাহানে ১১২ রানে কাটা পড়েন রান আউটে। অর্ধশতক তুলে নেওয়ার কিছুক্ষণ পর ফেরেন রবীন্দ্র জাদেজাও (৫৭)।

১৩১ রানে পিছিয়ে থেকে খেলতে নামা অজিরা পুনরাবৃত্তি ঘটায় প্রথম ইনিংসের। সেবার ১৯৫ রানে অলআউট হয়েছিল, এবারও সেই পথে হাঁটছে।  অন্যদিকে উমেশ যাদবের ইনজুরিতে কোনো আঁচ পড়েনি ভারতীয় বোলিংয়ে। শুরু থেকেই অজি ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে রাখেন বোলাররা। যার ফলে ৯৯ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৪০ রান করেন ম্যাথু ওয়েড।

রানখরার খোলস ছেড়ে এবারও বের হতে পারেননি স্টিভেন স্মিথ। ৮ রানে স্টাম্প হারান জাসপ্রীত বুমরাহর কাছে। ব্যর্থতার মিছিলে ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শেষ করে অজিরা। ক্যামেরন গ্রিন ১৭ ও ১৫ রানে ব্যাট করছেন প্যাট কামিন্স। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর :অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৯৫। ভারত প্রথম ইনিংস: ৩২৬ (রাহানে ১১২, জাদেজা ৫৭, অশ্বিন ১৪; স্টার্ক ৭৮-৩, লায়ন ৭২-৩)। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৬৬ ওভারে ১৩৩/৬ (ওয়েড ৪০,লাবুশেন ২৮, স্মিথ ৮, গ্রিন ১৭*, কামিন্স ১৫*; জাদেজা ২৫-২)।