আগামী তিন বছরের মধ্যে সব ধরনের অগ্রিম কর বিলুপ্ত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ দাবির কথা জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে সব ধরনের এআইটি ও এটি বিলুপ্ত করতে বলেছি।
বর্তমানে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ও অগ্রিম ভ্যাটের বদলে অ্যাডভান্স ট্যাক্স বা এটি আদায় করা হয়। এছাড়া স্থানীয় পর্যায়েও অগ্রিম আয়কর আদায় করা হয়। ইস্যুটি নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন ব্যবসায়ীরা। এছাড়া এটি আদায় করার পর তা ফেরত পাওয়ার কথা থাকলেও এ নিয়ে জটিলতার কারণে অনেকেই তা নিতে পারছেন না বলেও অভিযোগ রয়েছে।
এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, তিন বছরের মধ্যে অপ্রাতিষ্ঠানিক খাতের অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে হবে। অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তারা ব্যাংকের কাছ থেকে যথাযথ ঋণসহায়তা না পাওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, কোনো উদ্যোক্তা ঋণ নিতে গেলে ব্যাংক ধরেই নেয়, তার সম্পত্তি আছে। অপ্রাতিষ্ঠানিক খাতের ব্যবসায়িক মডেলকে নতুন করে পর্যালোচনা করতে হবে ব্যাংকগুলোকে। এছাড়া ব্যাংকগুলোকে গ্রাম পর্যায়েও ঋণ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, যদি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামের টাকা ঢাকায় এসে বিনিয়োগ হতে পারে, তাহলেও গ্রামেও ঋণ দিতে হবে। বর্তমানে যারা ব্যাক টু ব্যাক এলসির (ঋণপত্রের বিপরীতে ঋণপত্র) মাধ্যমে মূলধন ছাড়াও ব্যবসায় করতে পারেন, অন্য খাতের উদ্যোক্তাদেরও এ ধরনের কোনো সুযোগ দেওয়া যায় কি না—সে ধরনের চিন্তা করার ওপর জোর দেন তিনি।
২০১৮ সালের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৯টি শিল্পপ্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্পসচিব কে এম আলী আজমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার প্রমুখ।
শিল্পমন্ত্রী বলেন, হালকা প্রকৌশল শিল্প খাতের উন্নয়নে একটি পরিকল্পিত ও সময়াবদ্ধ রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি একটি বিশ্বমানের ইন্ডাস্ট্রিয়াল ডাটাবেজ এবং শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় কামাল আহমেদ মজুমদার সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ানো ব্যবসায়ীদের এ পথ থেকে সরে আসার আহ্বান জানান। তিনি বলেন, সবই আছে। অথচ সিন্ডিকেট করে দাম বাড়িয়ে অধিকার হরণ করা হচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে। এসব থেকে সরে আসতে হবে।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো—বৃহিশল্প ক্যাটাগরিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস্, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। মাঝারিশিল্প ক্যাটাগরিতে তাফরিদ কটন মিলস্, শেলটেক টেকনোলজি লিমিটেড, অকো-টেক্স ও এনভয় ফ্যাশন, ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে কনসেপ্ট নিটিং, এপিএস ডিজাইন ওয়ার্কস্ ও সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড। মাইক্রো-শিল্প ক্যাটাগরিতে ট্রিম টেক্স বাংলাদেশ, মাসকো ওভারসিস্ ও ক্রিমসন রোসেলা সি ফুড। কুটিরশিল্প ক্যাটাগরিতে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস্ বিডি, ইন্টেলিজেন্ট কার্ড ও রূপকথা যুব ও মহিলা উন্নয়ন সংস্থা। এছাড়া হাইটেক-শিল্প ক্যাটাগরিতে সার্ভিস ইঞ্জিন লিমিটেড ও মেটাটিউড এশিয়া পুরস্কার লাভ করে। সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক সালমান খান।