ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট রেল স্টেশন-সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন ৭৮৭ আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা পৌনে ৭টায় এ ঘটনা ঘটে। মৃত কলেজছাত্র আবু মুসা (২৩) উপজেলার পেড়িয়া ইউনিয়নের খোসারপাড়া পূর্বপাড়া গ্রামের হাছানুজ্জামানের ছেলে। তিনি ঢাকার মিরপুর বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পরিবারের লোকজন খবর পেয়ে রেলপথ থেকে তার খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে। আবু মুসা নাঙ্গলকোট হাছান মোমোরিয়াল সরকারি কলেজের দ্বিতীয় গেট-সংলগ্ন রেলপথ পার হয়ে পৌর বাজারের দিকে যাচ্ছিলেন।
নাঙ্গলকোট রেল স্টেশনমাস্টার এস এম মাহমুদ আলম বলেন, ‘ঘটনাটি লাকসাম জিআরপি থানার পুলিশকে অবহিত করেছি। পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।’