নেত্রকোনা থেকে অপহূত শিশু পাইকগাছায় উদ্ধার

নেত্রকোনা থেকে অপহূত এক শিশুকন্যাকে উদ্ধারসহ অভিযুক্তকে আটক করেছে পাইকগাছা থানাপুলিশ। পুলিশ জানায়, রবিবার রাত ১০টায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কমল ঋষির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক ও অপহূত শিশুকে উদ্ধার করা হয়। কোমল পাইকগাছা উপজেলার মামুদকাটি গ্রামের সুধাম ঋষির ছেলে। তিনি নেত্রকোনার পূর্ব হাতিয়া গ্রামে সেলুনির কাজ করতেন। কোমল ঋষি (২৫) ১২ বছরের শিশুকন্যার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। গত ২৩ ডিসেম্বর মেয়েটিকে অপহরণ করে পাইকগাছায় তার বাড়িতে নিয়ে আসে। রবিবার রাতে হরিঢালী পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মো. মনিরুজ্জামান ফোর্স নিয়ে শিশুটিকে উদ্ধার ও কমলকে আটক করে। ওসি এজাজ শফী বলেন, শিশুটির অভিভাবকেরা আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।