বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করছে। যা গভীর উদ্বেগের বিষয়। সড়কগুলোতে আকস্মিক দুর্ঘটনায় অকালে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। কেউ বেঁচে যাচ্ছে ভাগ্যের জোরে, কিন্তু হাত কিংবা পা হারিয়ে চিরকালের জন্য পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে তাদের। গত কয়েক দশক ধরে দেশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন চোখে পড়ার মতো। তবে হতাশার বিষয় হলো, কিছু কিছু সমস্যা এখনো বর্তমান থাকায় সড়কগুলোতে কাঙ্ক্ষিত শৃঙ্খলা এখন পর্যন্ত যথাযথভাবে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। যার ফলে সড়ক দুর্ঘটনা যেন প্রতিদিনের সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সড়ক দুর্ঘটনার জন্য সবচেয়ে দায়ী অসাধু চালকদের বেপরোয়া গতি। তাদের ব্যাপারে কঠোর হওয়া উচিত। তাছাড়া লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা, একমাত্র দক্ষ চালকদেরই গাড়ি চালানোর অনুমতি প্রদান, তাদের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করা; ফিটনেস বিহীন যান চলাচল নিষিদ্ধ করা, মোটরসাইকেল চালক ও আরোহীর জন্য হেলমেট ব্যবহারে বাধ্যবাধকতা আরোপ করা, বিআরটিএর সক্ষমতা আরো বাড়ানো, পরিবহনের মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের মধ্যে ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ বা ব্যস্ত মহাসড়গুলোতে স্বল্প গতির যানবাহন চলাচল বন্ধ করে এগুলোর জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে রেল ও নৌপথ সংস্কার ও সম্প্রসারণ করে সড়কপথের ওপর চাপ কমানো ইত্যাদি বিষয়ের ওপর জোর দিতে হবে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।
মুহাম্মদ আবু হানিফ
শিক্ষার্থী, চটগ্রাম কলেজ