জামালপুর জেনারেল হাসপাতালে চিকিত্সকদের ওপর হামলাকারীদের গ্রেফতারসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন হাসপাতালটির চিকিত্সকরা। জামালপুর জেনারেল হাসপাতালের চিকিত্সকদের ধর্মঘটকে সমর্থন জানিয়ে ঘোষণা ছাড়াই চিকিত্সাসেবা বন্ধ রেখেছে জেলার বেসরকারি হাসপাতালগুলো। এছাড়া চিকিত্সাসেবা বন্ধ রেখেছে জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকসহ বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলো বন্ধ রয়েছে।
তবে সরকারি সব হাসপাতালে জরুরি বিভাগ চালু রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়। হঠাত্ করে পুরো জেলায় চিকিত্সাসেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার কয়েক হাজার রোগীকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শীতজনিত রোগে আক্রান্ত হওয়া শিশু ও বৃদ্ধ রোগীরা।
গত সোমবার সকালে জামালপুর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় জরুরি বিভাগের চিকিত্সাসেবা অব্যাহত থাকলেও বহির্বিভাগে কোনো চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারী না থাকায় ভুতূড়ে পরিবেশ বিরাজ করছে। হাসপাতালে এসে চিকিত্সক না পেয়ে ফেরত যাচ্ছেন শত শত রোগী। এছাড়া আন্তঃবিভাগে রোগীদের গণহারে ছুটি দেওয়া হচ্ছে বলেও রোগীদের অভিযোগ রয়েছে।