গৌরীপুর পৌরসভা নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দুই পক্ষের মিছিল, সংঘর্ষ থামাতে গিয়ে ওসি আহত

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে গত শনিবার রাতে মিছিল, পালটা মিছিল হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলে তা থামাতে গিয়ে গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন খান আহত হয়েছেন। জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর মনোনয়নবঞ্চিতদের সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করে এবং দোকানপাট বন্ধ করে দেয়। এ সময় মনোনয়ন পাওয়া প্রার্থী ও বঞ্চিতদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি হয়।

আগামী ৩০ জানুয়ারি তৃতীয় দফায় অনুষ্ঠিতব্য দেশের মোট ৬৪টি পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শনিবার রাতে ঘোষণা করা হয়। গৌরীপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পান       সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি। এ খবর জানার পর রাত সাড়ে ৯টার দিকে শফিকুল ইসলাম হবির সমর্থকেরা গৌরীপুর পৌর শহরে আনন্দ মিছিল বের করে। একই সময় শফিকুল ইসলাম হবির মনোনয়ন পাওয়া মেনে নিতে না পেরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং এলাকার দোকানপাট বন্ধ করে দেন। রাত পৌনে ১০টার দিকে মধ্যবাজার এলাকায় মিছিলটি শফিকুল ইসলাম হবির বাসার সামনে পৌঁছলে সেখানে অবস্থানরত হবির সমর্থকদের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘর্ষ এড়াতে পুলিশ বিক্ষোভ মিছিলকারী নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ওসি বোরহান উদ্দিন খান জখম হন।

উল্লেখ্য, এবার পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের শর্ত ছিল, আগের যে কোনো নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন পাবেন না। আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত সাদেকুর রহমান সেলিম বলেন, তারা বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিপক্ষে। শফিকুল ইসলাম হবি ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়ে ৪ হাজার ভোট পান। অথচ তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন বলে এবার ভুয়া কাগজ দেখিয়ে মনোনয়ন নিয়েছেন, যা আওয়ামী লীগের সমর্থকেরা মেনে নিতে পারছে না।

গৌরীপুর থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ওসি মো. বোরহান উদ্দিন খান আহত হওয়ার ঘটনায় ১৪ জনের নামে এবং অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।