চীনের উহানে করোনার সংক্রমণের খবর সরাসরি সম্প্রচার করায় এক নাগরিক সাংবাদিককে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গত মে থেকে ঝ্যাং ঝান নামে ঐ সাংবাদিককে আটক করে চীনের সরকার। তার বিরুদ্ধে দেশের ঝগড়াঝাঁটির খবর প্রকাশ্যে এনে সমস্যা তৈরির অভিযোগ আনা হয়েছে। এদিকে চীনের কোটিপতি গেম নির্মাতাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর রয়টার্সের ৩৭ বছর বয়সি ঝ্যাং ঝানই প্রথম করোনা ভাইরাসের কারণে হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড় এবং ফাঁকা রাস্তার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবেদন প্রকাশ করেন। ঝানের মা শাও ওয়েংঝিয়া জানান—আমি বুঝি না, কেন তার কারাদণ্ড হলো। কারণ সে তো সবই সত্য কথা বলেছে। ঝানের আইনজীবী রেন কুয়ানিউ আপিল করা হবে বলে জানান। সাংহাইয়ের পুডংয়ের আদালতে বিচারকাজ চলে। ঝ্যাং বলেন, মুক্ত মত প্রকাশ করার জন্যই তার কারাদণ্ড হয়েছে।
কোটিপতি গেম নির্মাতাকে হত্যা
ক্রিসমাসের দিনে বিষ প্রয়োগে চীনের এক কোটিপতি গেম নির্মাতাকে হত্যা করা হয়েছে বলে সাংহাই পুলিশ জানিয়েছে। ৩৯ বছরের লিন কুই বিখ্যাত টেলিভিশন সিরিজ গেম অব থ্রোনসের আদলে তৈরি ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’ গেমের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন। তিনি ছিলেন গেম নির্মাতা প্রতিষ্ঠান ইয়োজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। একটি বিবৃতিতে সাংহাই পুলিশ জানিয়েছে, এই বিষ প্রয়োগের জন্য জুহু নামে লিনের এক সহযোগীকে সন্দেহ করা হচ্ছে। লিনের সব মিলিয়ে ১০০ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়।