সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক চূড়ান্ত (অষ্টম সেমিস্টার) পর্বের পরীক্ষা গ্রহণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অষ্টম সেমিস্টারের স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া শুরু হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। ধারাবাহিকভাবে আগামী ৩১ জানুয়ারি ২০২১-এর মধ্যে সব বিভাগের স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল ৪৫ জন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের আলাদা তিনটি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। কেন্দ্রে প্রবেশের পূর্বে সব শিক্ষার্থীর শরীরের তাপমাত্রা নির্ণয় করে জীবাণুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।