আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আদালত। মামলার নথিপত্র না পাওয়ায় সময়ের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত সময় মঞ্জুর করে ১১ জানুয়ারি পর্যন্ত মামলার শুনানি মুলতুবির আদেশ দেন বিচারক সৈয়দা হোসনে আরা।
গতকাল সোমবার এই মামলার অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য বকশিবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে বসে আদালত। এর আগে কারাগার থেকে আদালতে হাজির করা হয় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে। আসামিপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবীরা। আবেদনের বিরোধিতা করে দুদক কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন, মামলার পর ১০ বছর অতিক্রান্ত হয়েছে। এখনো আসামিপক্ষ কাগজপত্র সংগ্রহ করতে পারেনি, এটা অবাস্তব। শুনানি শেষে আদালত সময় মঞ্জুর করে। এ সময় সাঈদীর পক্ষে আইনজীবী আব্দুস সোবহান তরফদার, মো. মুজাহিদুল ইসলাম শাহিন ও মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ডের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছয় জনের বিরুদ্ধে ২০১০ সালে শেরে বাংলা নগর থানায় মামলা করা হয়। প্রসঙ্গত যুদ্ধাপরাধের মামলায় ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ।