দেওয়ানবাগী পির সৈয়দ মাহবুবের ইন্তেকাল

দেওয়ানবাগ দরবারের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহবুব-এ-খোদা (দেওয়ানবাগী পির) গতকাল সোমবার সকাল ৬টা ৪৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দেওয়ানবাগ শরিফের গণমাধ্যম সমন্বয়কারী সৈয়দ মেহেদী হাসান বলেন, বর্তমানে দেওয়ানবাগী পিরের (৭০) মরদেহ দেওয়ানবাগ দরবার শরিফের বাসভবনে রাখা আছে। দেওয়ানবাগীকে আজ মঙ্গলবার বাদ জোহর মতিঝিল দেওয়ানবাগ শরিফে বাবে রহমতে জানাজার পর বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দরবারে স্ত্রী হামিদা বেগমের কবরের পাশে দাফন করা হবে।

সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে দেওয়ানবাগী পিরের মৃত্যুর গুজব ছড়ায়। সে সময় তিনি ইউনাইটেড হাসপাতালে বেশ কিছুদিন চিকিত্সা নেন।

দেওয়ানবাগ শরিফের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ১৯৪৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। নিজ এলাকার তালশহর  কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন।

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠতা আবুল জফল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে মুরিদ হন দেওয়ানবাগী। এরপর তাঁর মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খিলাফত লাভ করেন। তার কিছুদিন পর নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামক স্থানে একটি আখড়া গড়ে তুলে নিজেকে সুফিসম্রাট হিসেবে ঘোষণা করেন। সর্বশেষ মতিঝিলের আরামবাগে আখড়া স্থাপন করেন। এই আখড়ার নাম দেন বাবে রহমত।