ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, শত্রুর পক্ষ থেকে আসা যে কোনো হুমকি নস্যাত্ করে দিতে তার দেশের সামরিক বাহিনী ভালোভাবেই প্রস্তুত রয়েছে। খবর পার্স টুডের
সোমবার রাজধানী তেহরানে তিনি ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন। হাবিবুল্লাহ সাইয়ারি সংসদীয় কমিটির কাছে ইরানের সশস্ত্র বাহিনীর বাস্তব যুদ্ধের প্রস্তুতি ব্যাখ্যা করেন। এ সময় তিনি গোয়েন্দা প্রতিরক্ষা এবং দ্রুতগতিতে সামরিক বাহিনী মোতায়েনের সক্ষমতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, স্থল, সমুদ্র কিংবা আকাশপথে শত্রুর সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে।
আমেরিকা এবং ইসরাইলের পক্ষ থেকে যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেওয়া হচ্ছে এবং আমেরিকার বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ মুহূর্তে যখন মধ্যপ্রাচ্যকে গোলযোগের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা চলছে, তখন ইরানের সংসদীয় কমিটি সামরিক বাহিনীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার জন্য এই বৈঠক করল।