সারা দেশে যুবলীগকে শক্তিশালী করতে হবে -------------এমপি নিক্সন চৌধুরী

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ফরিদপুর জেলার মতো সারা দেশের যুবলীগকে সংগঠিত করে আরো শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে আমি স্বাধীনতাপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার চেষ্টা করব। আমার নির্বাচনি তিন উপজেলাকে সারা দেশের মধ্যে রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।’ মঙ্গলবার সকালে সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে উপজেলার সাড়ে সাতরশি প্রেমানন্দ আশ্রম সার্বজনীন দুর্গামন্দিরের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আলোচনাসভায় এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার আলী মোল্যা, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাফর, চরমানাইর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ূব আলী প্রমুখ। এ সময় প্রধান অতিথি মজিবুর রহমান চৌধুরী নিক্সন উক্ত মন্দির নির্মাণকাজের জন্য তার নিজস্ব তহবিল থেকে ২ লাখ টাকা অনুদান প্রদান করেন।