কাহারোলে খাদ্যগুদামে চাল সরবরাহ করেননি মিলাররা

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

কাহারোল উপজেলা সরকারি খাদ্যগুদামে মঙ্গলবার পর্যন্ত চাল সরবরাহ করেননি মিলাররা। কাহারোল খাদ্য বিভাগ অফিস সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরে চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৯৬ মেট্রিক টন। উপজেলায় ১৩৪টি হাসকিং মিল ও একটি অটো রাইস মিল রয়েছে।  কাহারোল উপজেলা সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহম্মেদ জানান, ২০টি মিল চুক্তিবদ্ধ হলেও মঙ্গলবার পর্যন্ত কোনো মিলার সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করেনি।

কাহারোল উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, মিলাররা চুক্তিবদ্ধ হলেও বাজারে ধানের দাম বেশি হওয়ায় এখন পর্যন্ত সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করেননি। হাসকিং মিলমালিক ফজলুর রহমান জানান, বাজারে ধানের দাম বেশি হওয়ায় মিলাররা চাল দিতে পারছে না। তবে সরকারি মূল্যের চেয়ে বাজারে চালের দাম বেশি বলেও জানান তিনি।