গ্রামীণ বিদ্যুত্ সঞ্চালনে ১ হাজার ৭০০ কোটি টাকা বাড়তি ঋণ দিচ্ছে এডিবি

ইত্তেফাক রিপোর্ট

গ্রামীণ বিদ্যুত্ সঞ্চালনে বাড়তি ২০ কোটি ডলার (১ হাজার ৭০০ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে গতকাল এক চুক্তি সই হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণ চুক্তিতে সই করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সদস্য মো. খায়রুল হাসান বাস্তবায়নকারী সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন। উল্লেখ্য, ২০১৭ সালে ‘বাংলাদেশ পাওয়ার সিস্টেম এনহান্সমেন্ট অ্যান্ড ইফিশিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়নে ৬১ কোটি ৬০ লাখ ডলারের (৫ হাজার ২৩৬ কোটি টাকা) ঋণের চুক্তি হয় এডিবির সঙ্গে। গতকাল বাড়তি ঋণের চুক্তি হলো। এডিবি জানিয়েছে, এর মধ্যে ১৩ কোটি ডলার নমনীয় শর্তে দেওয়া হচ্ছে।

চুক্তির বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উল্লেখ করেছেন, গ্রামীণ অঞ্চলে বিদ্যুতের সুবিধা বৃদ্ধি পেলে মানুষের জীবনমান উন্নত হবে। সেইসঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, কৃষি উত্পাদন বাড়বে। তাছাড়া স্বাস্থ্য ও শিক্ষা খাতেও এর সুফল পাওয়া যাবে। নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুত্ সরবরাহ করার মাধ্যমে করোনার প্রভাব মোকাবিলা করে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত হবে। বিশেষ করে খাদ্য সরবরাহসেবা, ডিজিটাল শিক্ষা, অনলাইন ব্যবসা এবং প্রয়োজনীয় গৃহস্থালির ক্রিয়াকলাপ বাড়বে।