ইত্তেফাক রিপোর্ট
করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলায় কৃষকের জন্য সরকার যে প্রণোদনা ঘোষণা করেছিল সেখান থেকে ঋণ পাওয়ার সময় আরো তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে বলা হয়েছে, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ তহবিল থেকে ঋণ পাবেন কৃষকরা। কৃষকদের জন্য এ প্যাকেজের আওতায় ৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে। মহামারির ক্ষতি সামলে উঠতে এখন পর্যন্ত প্রায় সোয়া লাখ কোটি টাকার মোট ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।
এর আগে বাংলাদেশ ব্যাংক গত ১৩ এপ্রিল ঐ ঋণের জন্য যে নীতিমালা ঘোষণা করেছিল তাতে বলা হয়েছিল, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই তহবিল থেকে ঋণ পাওয়া যাবে। কিন্তু ঋণ বিতরণ আশানুরূপ না হওয়ায় ২০ সেপ্টেম্বর ঐ সময়সীমা তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এখন তা আরো তিন মাস বাড়ানো হলো। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বাড়ানো হলো। এ তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ১ শতাংশ সুদ হারে পুনঃঅর্থায়নে সুবিধা পাবে। আর গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ৪ শতাংশ সুদে কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণের মধ্যে ১৫ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার কোটি টাকার মতো ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক এ প্রণোদনার ঋণ বিতরণ করেনি।