ইত্তেফাক রিপোর্ট
জৈনপুর ফার্নিচার নামে রাজধানীর শেরে বাংলানগর এলাকার একটি প্রতিষ্ঠান করোনার সময়ে বিক্রি কমে যাওয়ার অজুহাতে ৩৩ হাজার টাকা বিক্রয়ের হিসাব দেখিয়েছিল ভ্যাট অফিসে; কিন্তু গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে দেখল, ঐ মাসে প্রতিষ্ঠানটির বিক্রি হয়েছিল ৩৩ লাখ টাকা। অর্থাত্ বিক্রির এক-দশমাংশ হিসাব দেখিয়ে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে গত সোমবার অভিযান চালিয়ে এ ফাঁকির চিত্র উদ্ঘাটন হয়েছে। ফাঁকি দিতে প্রতিষ্ঠানটি দুই ধরনের হিসাব সংরক্ষণ করত বলে জানা গেছে। ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, ফার্নিচার বিপণনকারী প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধিত হলেও ভুয়া চালান ব্যবহার করে ফার্নিচার বিক্রয় করেছে। এজন্য ভিন্ন ভিন্ন হিসাব রাখা হতো। ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করা হলেও তা সরকারের ঘরে জমা দেয়নি। প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বিস্তারিত তথ্য নেওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।