মেলবোর্নেই ঘুরে দাঁড়ানোর গল্প লিখল ভারত

স্পোর্টস ডেস্ক

অ্যাডিলেডে ‘৩৬’ লজ্জার পর ভারত যেন পুরোপুরি ধ্বংসস্তূপ। দল নিয়ে কথা বলারই ভাষা নেই অধিনায়ক বিরাট কোহলির কাছে। সেই ভারত মেলবোর্নে একেবারেই ভিন্ন রূপে। ৮ উইকেটের অসাধারণ জয়ে লজ্জা ভুলে ঘুরে দাঁড়ানোর গল্প লিখল অজিঙ্কা রাহানের দল। চার ম্যাচের সিরিজও ১-১ এ সমতায় আনল তারা।

গত পরশু থেকেই বক্সিং ডে টেস্টে হারের ক্ষণ গুনছিল অস্ট্রেলিয়া। ১৩৩ রানে ৬ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করা ক্যামেরন গ্রিন ও প্যাট কামিন্স কিছুক্ষণ ভুগিয়েছেন বটে। তবে ভয়ানক হতে দেননি ভারতীয় বোলাররা। ২০০ রানেই অলআউট স্বাগতিকরা। মোহাম্মদ সিরাজ তিন ও বুমরাহ, অশ্বিন, জাদেজা ২ উইকেট নিয়ে দলের লক্ষ্য এনে দিয়েছেন মাত্র ৭০। জিততে হলে ৩৬-এর মতো ফের দারুণ কিছুই করতে হতো অজি বোলারদের। ১৯ রানে ২ উইকেট তুলে নিয়ে কিছুটা ইঙ্গিত দিলেও, শুভমান গিলের (৩৫)  সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন ম্যাচের নায়ক রাহানে (২৭)। যার হাত ধরে ঘুরে দাঁড়ানোর রুপকথা লিখল ভারত।

পিতৃত্বকালীন ছুটিতে যাওয়া অধিনায়ক বিরাট কোহলির অভাব বুঝতেই দেননি রাহানে। নেতৃত্বের সর্বোপরী দেখিয়েছেন দক্ষতার ছাপ। আর ব্যাট হাতে মূল দায়িত্বটা নিয়ে তো প্রশ্ন তোলার সুযোগই দেননি। প্রতিকূল পরিস্থিতিতে যেভাবে সেঞ্চুরি (১১২) করলেন তার কোনো তুলনাই হয় না। ১৩১ রানে এগিয়ে থেকে তখনই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে ভারত। তাতে পেসার উমেশ যাদবের ইনজুরিও তেমন একটা প্রভাব ফেলেনি।

পুরোপুরী দলীয় প্রচেষ্টার মাধ্যমে পাওয়া জয়টি ভারতের হেড কোচ রবি শাস্ত্রী স্বীকৃতি দেন ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক হিসেবে। আর অন্যদিকে ফিল্ডিং মিসের আক্ষেপে পুড়ছেন অজি অধিনায়ক টিম পেইন। পুরো ম্যাচে ৭টি ক্যাচ মিস করে তার দল।  পাশাপাশি ব্যাটিংয়েরও দায় আছে। এনিয়ে চতুর্থবারের মতো দুই ইনিংসে কোনো অর্ধশতক পাননি অজি ব্যাটসম্যান। ঘরের মাটিতে ১৯৫ ও ২০০ রানে অল আউট হওয়া অস্ট্রেলিয়া তাই বড্ড অচেনা। তার ওপর আবার কাটা ঘায়ে নূনের ছিটা দিলেন ম্যাচ রেফারি। স্লো ওভার রেটের কারণে ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে অজিদের। এটা হয়তো স্বাভাবিক বিষয়। কিন্তু এই কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৪ পয়েন্ট হারিয়ে কপালে হাতই দিতে হচ্ছে টিম পেইনের দলকে। শাস্তি কার্যকরের পর অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে ৩২২। আর শতকরা পয়েন্ট নেমে হয়েছে ০.৭৬৬।

সংক্ষিপ্ত স্কোর :অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৯৫। ভারত ১ম ইনিংস : ৩২৬। অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ১০৩.১ ওভারে ২০০ (গ্রিন ৪৫, স্টার্ক ১৪*, লায়ন ৩, হ্যাজলউড ১০; বুমরাহ ৫৪-২, সিরাজ ৩৭-৩, অশ্বিন ৭১-২, জাদেজা ২৮-২)। ভারত ২য় ইনিংস : (লক্ষ্য ৭০) ১৫.৫ ওভারে ৭০/২ (গিল ৩৫*, রাহানে ২৭*; স্টার্ক ২০-১)।

ফল : ভারত ৮ উইকেটে জয়ী। সিরিজ : ৪ ম্যাচ সিরিজে ১-১ সমতা। ম্যান অব দা ম্যাচ : অজিঙ্কা রাহানে