স্পোর্টস ডেস্ক
জয় দিয়েই টেস্ট অধিনায়কত্বের সূচনা করলেন কুইন্টন ডি কক। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ৪৫ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরুর পরও এমন হার নিয়তিই ছিল লঙ্কানদের। কেননা ম্যাচের মধ্যেই ইনজুরিতে পড়েন চার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কোচ মিকি আর্থার তাই হতাশ কণ্ঠেই আইসিসিকে ভাবতে বলেন ইনজুরির ব্যাপারে। তারপরও ইনিংস হার এড়াতে তাদের ব্যাটিং নামিয়ে দেন তিনি। প্রোটিয়া পেসারদের আগুনের গোলার সামনে বড্ড অসহায় লাগছিল তাদের
গতকাল ২ উইকেটে ৬৫ রানে দিন শুরু করা লঙ্কানরা দাঁড়াতেই পারেনি। যা একটু প্রতিরোধ গড়েন কুশল পেরেরা (৬৪) ও ওয়ানিন্দু হাসারাঙা (৫৯)। কিন্তু ইনিংস এড়াতে তা সক্ষম ছিল না। স্বাগতিক পেসারদের তোপে ১৮০ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। দুটি করে উইকেট নেন চার প্রোটিয়া পেসার। প্রথম ইনিংসে ৬২১ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন ফাফ ডু প্লেসিস। কিন্তু ম্যাচসেরার পুরস্কার ঠিকই জিতে নেন ১৯৯ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যান। এর আগে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯৬ রান তোলে শ্রীলঙ্কা।