ইত্তেফাক রিপোর্ট
ভুয়া করোনা টেস্টের মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট। আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম শুনানি করেন।
গত ২৩ জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। ডা. সাবরিনা এই ভুয়া করোনা টেস্টের মামলার আসামি। তিনি কারাগারে আছেন। রাষ্ট্রপক্ষে মোট ৪৩ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য রয়েছে।