রাস্তার মোড়ে যাত্রী ওঠানামা বন্ধের নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশেষ প্রতিনিধি

রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে রাস্তার মোড়ে গাড়ি দাঁড়ানো ও যাত্রী ওঠানামা বন্ধে ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে একটি পরিকল্পনা করে এটি বাস্তবায়ন করতেও নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত ট্রাফিক বিভাগের দায়েরকৃত মামলা, রেকারিং, জরিমানা ইত্যাদি বিষয়ে আলোচনাসভায় এমন নির্দেশনা  দেন তিনি। এ সময় বেড়িবাঁধ এলাকার যানজট নিরসনে করণীয় সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে বেড়িবাঁধসমূহ যানজটমুক্ত রাখার লক্ষ্যে বেড়িবাঁধ থেকে বালু ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলতে হবে। ড্রাইভিং  লাইসেন্স ও শৃঙ্খলা সংক্রান্ত ট্রাফিক মামলা বৃদ্ধি করে চালকদের নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। বিশৃঙ্খলার সংস্কৃতি হতে বের হয়ে না আসতে পারলে আমাদের পরবর্তী  প্রজন্মকেও এর কুফল ভোগ করতে হবে।