মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক প্রোগ্রামের আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেন। এ সময় ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনলাইনে ওই অনুষ্ঠানে যুক্ত হয়ে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ গ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াসুর রহমান, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এসি