দেশে না ফিরলে জেলে যেতে হবে

রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সাই নাভালনিকে দ্রুত দেশে ফেরার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরপর দেশে আসলে তাকে জেলে যেতে হবে বলে উল্লেখ করেছে পুতিনের সরকার। খবর আলজাজিরা ও ডয়চেভেলের

রাশিয়ার জেল কর্তৃপক্ষ নাভালনিকে চরমসীমা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে, মঙ্গলবারের মধ্যে জেল কর্তৃপক্ষের সামনে হাজিরা না দিলে রাশিয়ায় আসলেই তাকে জেলে যেতে হবে। তাদের যুক্তি, নাভালনিকে ২০১৪ সালে একটি মামলায় আদালত দোষী সাব্যস্ত করেছিল। সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে বার্লিনের চিকিত্সকের একটি লেখা প্রকাশিত হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন, নাভালনি এখন পুরোপুরি সুস্থ। তা হলে তাকে এখন দেশে ফিরতে হবে এবং জেল কর্তৃপক্ষের কাছে যেতে হবে। না আসলে রাশিয়ায় পা দিলেই তাকে জেলে ভরা হবে।

নাভালনি এর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, নিবন্ধের কথা তুলে তাকে ডেকে পাঠানোর অর্থ হলো, তাকে যে বিষ দেওয়া হয়েছিল তা সরকারিভাবে স্বীকার করে নেওয়া। তাহলে সেই বিষয়ে ফৌজদারি মামলা কোথায়? তার মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছেন, নাভালনি এখনো পুরো সুস্থ নন। তার পক্ষে মঙ্গলবার মস্কোর ক্রিমিনাল ইন্সপেক্টোরেটের সামনে হাজির হওয়া অসম্ভব। ওরা নির্দেশ দিয়েছে। ওরাই তা পালন করুক। গত আগস্টে নাভালনিকে বিষ প্রয়োগ করার অভিযোগ পাওয়া গিয়েছিল। যদিও রাশিয়া সেটি স্বীকার করেনি।