অনেক দেশের চেয়ে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বেশি :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলাদেশের মানুষ একটি বহুমাত্রিক সমাজব্যবস্থায় বসবাস করছে উল্লেখ করে বলেছেন, অনেক উন্নত দেশের চেয়েও আমাদের দেশে মতপ্রকাশের স্বাধীনতা বহুগুণ বেশি। তার প্রতিফলন প্রতিদিন নানাভাবে, সংবাদপত্রের পাতায় এবং মধ্যরাতে এদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শোগুলোতে দেখা যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনভাবে মতপ্রকাশ এবং সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি লালন করেন। সমালোচনা সহ্য করার মানসিকতা না থাকলে বহুমাত্রিক সমাজ গড়ে ওঠে না।

তথ্যমন্ত্রী গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওপরের কথাগুলো বলেন। তিনি আরো বলেন, এটা অত্যন্ত তাত্পর্যপূর্ণ বিষয় এজন্য যে, চট্টগ্রাম প্রেসক্লাব শুধু বিনোদনের কাজ করে না বরং এর পাশাপাশি কল্যাণমূলক কাজও করে। ফলে দলমত নির্বিশেষে মানুষের কল্যাণ ও প্রয়োজনে এটি ব্যবহূত হচ্ছে। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যদের সহনশীল ও প্রীতিময় সহাবস্থানের প্রশংসা করে এবং এখানে রাজনৈতিক দলাদলির ছোঁয়া না থাকায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সব জায়গায় রাজনীতি এনে নিজেদের মধ্যে প্রকট বিভাজন সৃষ্টি করা সমীচীন নয় বলে মনে করি।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাবেক সভাপতি কলিম সরোয়ার, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ। বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠনকল্পে সদস্যরা ভোট প্রদান করবেন।