কয়েক বছরেও ফেরেনি দুই বিদেশির মরদেহ

কয়েক বছর ধরে দুই বিদেশির লাশ পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মরচুয়ারিতে (হিমঘর)। মৃতদের স্বজনরা সংশ্লিষ্ট দূতাবাসে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাচ্ছেন না। এদের লাশ আরো কত দিন হিমঘরে থাকবে সে বিষয়ে স্পষ্ট করে কেউ বলতে পারছে না। বিদেশি নাগরিক বলে মরদেহ দুইটি আঞ্জুমানে মফিদুল ইসলামকেও দেওয়া যাচ্ছে না। এ অবস্থায় দুই বিদেশির লাশ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ কর্তৃপক্ষ বিপাকে পড়েছে। এই দুই নাগরিকের একজন হলেন মার্কিন নাগরিক রবার্ট মাইরন বার্কেট এবং অপরজন হলেন দক্ষিণ আফ্রিকার নাগরিক থিইসিয়া সিকেওয়েস্ট পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে যার নাম হয় তিশা জামান। ঢাকা  মেডিক্যালের মর্গে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম থানা থেকে আসে থিইসিয়া সিকেওয়েস্ট ওরফে তিশা জামানের লাশ এবং ২০১৮ সালের ২৫ মে রাজধানীর দক্ষিণখান থেকে আসে রবার্ট মাইরন বার্কেটের লাশ।

ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ  ইত্তেফাককে বলেন, কুমিল্লা থেকে আসা দক্ষিণ আফ্রিকার নারীর লাশ সরকার ঢামেকের মরচুয়ারিতে রাখার অনুরোধ করেছে। এর পরিপ্রেক্ষিতে ঐ লাশ মরচুয়ারিতে রাখা হচ্ছে। আর আমেরিকান নাগরিকের লাশের ময়নাতদন্ত ঢামেকে করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সংশ্লিষ্ট পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইনগত দিক বিবেচনা করে লাশ দুইটির একটা সমাধান করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করেছি। এই লাশের জন্য আমাদের দৈনন্দিন কাজেও কিছুটা সমস্যা হচ্ছে। তবে আদালত যে আদেশ দেবেন, আমরা তাই পালন করব।

আমেরিকান নাগরিক রবার্ট মাইরন বার্কেট একটি এনজিওর প্রতিনিধি হয়ে ২০০৫ সালে বাংলাদেশে আসেন। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরু করেন তিনি। অসুস্থ এক শিশুকে চিকিত্সা দিতে উত্তরা কমিউনিটি হাসপাতালে যান। তখন হাসপাতালে কর্মরত ঢাকার দক্ষিণখানের বাসিন্দা মাজেদা বেগমের সঙ্গে পরিচয় হয় তার। ২০০৭ সালে তারা বিয়ে করেন। ২০১৮ সালের ২৫ মে বার্কেট ব্রেন স্ট্রোক করেন। তাকে দক্ষিণখানের কেসি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক বার্কেটকে মৃত ঘোষণা করেন। ২৬ মে তার লাশ ঢামেকে ময়নাতদন্ত হয়। এরপর থেকে আমেরিকান নাগরিক বার্কেটের লাশ হাসপাতালের হিমাগারেই পড়ে আছে।

মাজেদা বলেন, ‘আমেরিকায় রবার্টের স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে আছে। তার মৃত্যুর সংবাদ যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের লোকজনকে জানানোর চেষ্টা করেছি। কিন্তু পারিনি। তারা মোবাইল ফোন নম্বর ও অন্যান্য ঠিকানা পরিবর্তন করে ফেলে। ঢাকায় মার্কিন দূতাবাসে রবার্টের মূল পাসপোর্ট জমা দিয়েছি। লাশ সত্কারের ব্যাপারে দূতাবাস থেকে কোনো উত্তর পাইনি।’

অন্যদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দেবিপুর গ্রামের হাসানুজ্জামান রিপন কাজের সন্ধানে বেশ কয়েক বছর আগে পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়। সেখানে দক্ষিণ আফ্রিকান তরুণী থিইসিয়া সিকেওয়েস্টের সঙ্গে তার পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা বিয়ে করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন তিশা জামান। ২০১৫ সালের ডিসেম্বরে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি বাংলাদেশে আসেন তিশা। একমাত্র ছেলের বউ ভিনদেশি হওয়ায় মেনে নিতে পারছিলেন না হাসানুজ্জামানের বাবা-মা। তাই কিছুদিন যেতে না যেতেই সংসারে ঝগড়া-বিবাদ শুরু হয়। স্বামীকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে চান তিশা। কিন্তু হাসানুজ্জামান আর দক্ষিণ আফ্রিকায় যেতে রাজি হননি। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি তিশা কীটনাশক পানে আত্মহত্যা করেন। পরবর্তীতে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।

হাসানুজ্জামানের পরিবারের দাবি, তিশা কীটনাশক পানে আত্মহত্যা করেন। তবে পুলিশ স্বপ্রণোদিত হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চৌদ্দগ্রাম থানায় মামলা করে এবং হাসানুজ্জামানকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জামিনে আছেন। এ মামলায় দুই মাসের মাথায় চার্জশিট দেওয়া হয়। পুলিশ বলছে, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস না থাকায় তিশার লাশের দাফন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। ভারতে দক্ষিণ আফ্রিকার দূতাবাস রয়েছে। সেখানে পুলিশের পক্ষ থেকে চিঠি দিয়েও কোনো সাড়া পাননি।