ফওজিয়া ওএসডি

ভিকারুননিসায় নতুন অধ্যক্ষ কামরুন নাহার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কামরুন নাহার। তিনি রাজধানীর দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি করা হয়।

তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সবুজবাগ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানকে গত বছর ১৫ সেপ্টেম্বর নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু নিয়োগের পর থেকে অভিভাবক ও সংশ্লিষ্টরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে। সর্বশেষ প্রতিষ্ঠানটিতে সরকারি বিধি লঙ্ঘন করে অধ্যক্ষ ফওজিয়া প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি দেন। প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় খাতা টেম্পারিংয়ের অভিযোগ ধরা পড়ে। অধ্যক্ষ এক জন শিক্ষক প্রতিনিধিকে টেম্পারিংয়ের নির্দেশ দেন। শুধু তাই নয়, আর্থিক অনিয়মেরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এই নিয়ে গভর্নিং বডির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার তদন্ত করেন। তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা হওয়ার পর মঙ্গলবার অধ্যক্ষ ফওজিয়াকে প্রত্যাহার করে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক কামরুন নাহারকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ভিকারুননিসার সিনিয়র কোনো শিক্ষককেই অধ্যক্ষ হিসেবে নিয়োগের দাবি জানিয়ে আসছে।