যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নিরাপত্তা ব্যবস্থার ভয়ানক ক্ষতি করেছেন। তার আরো অভিযোগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষমতা হস্তান্তরের কাজে বাধা দিচ্ছে। এদিকে কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনের ফলাফল উলটে দিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বিরুদ্ধে মামলা করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যানরা। তাকে ক্ষমতা দিতে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে যাতে তিনি ফল উলটে দিতে পারেন। খবর সিএনএন ও হাফিংটন পোস্টের
সোমবার এক ভিডিও কনফারেন্সে বাইডেনের সরাসরি অভিযোগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাজেট ও অফিস অব ম্যানেজমেন্ট এবং রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে। তিনি বলেছেন, তারাই মসৃণ হস্তান্তরের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। তার পররাষ্ট্র বিষয়ক টিমের সঙ্গে বৈঠক শেষে এসব অভিযোগ করে বাইডেন বলেন, এখনো আমরা সব তথ্য পাচ্ছি না। অথচ ঐ তথ্যগুলো আমাদের দরকার। বিশেষ করে জাতীয় সুরক্ষা নিয়ে তথ্য দেওয়া হচ্ছে না। বর্তমান প্রশাসন দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে।
বাইডেনের দাবি, ক্ষমতা হস্তান্তরের জন্য জরুরি তথ্যগুলো তার টিমকে দেওয়া হচ্ছে না। আর এটা বণ্টন করছে রাজনৈতিক নেতৃত্ব। বিশ্বের অন্য জায়গায় সেনাদের নিয়োগ নিয়ে তার পুরো তথ্য চাই বলেও বাইডেন জানিয়েছেন।
বাইডেনের অভিযোগ, আমার টিম দেখেছে যে, ট্রাম্পের আমলে নিরাপত্তা সংস্থাগুলোর প্রবল ক্ষতি হয়েছে। তবে কী ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানাননি তিনি। বাইডেনের এই অভিযোগের জবাবও দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার। তিনি বলেছেন, পেশাদারিত্বের সঙ্গেই এই হস্তান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে। এই সপ্তাহেই তিনটি ব্রিফিংয়ের দিন ঠিক আছে। করোনা ভাইরাস নিয়ে দুটি এবং একটি সাইবার নিরাপত্তা নিয়ে। বাইডেনের হস্তান্তর দলের অনুরোধ মতো ৪০০ বেশি কর্মকর্তার সঙ্গে ১৬৪টি সাক্ষাত্কার নেওয়া হয়েছে। ৫ হাজারেরও বেশি পাতার নথি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন বাইডেন।