অটল থাকলেন আড়ানীর দুই বিদ্রোহী প্রার্থী, বিফলে আওয়ামী লীগের বর্ধিত সভা

বাঘার আড়ানীতে শেষ মুহূর্তে বর্ধিত সভা করেও আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করানো যায়নি। উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও অপর দুই বিদ্রোহী প্রার্থী অব্যাহতভাবে গণসংযোগ চালানোয় মঙ্গলবার এ বর্ধিত সভা করে উপজেলা আওয়ামী লীগ। তবে ওই সভায় আসেননি বিদ্রোহী দুই প্রার্থীর কেউই। 

বিদ্রোহী প্রার্থীরা হলেন- বর্তমান মেয়র মুক্তরা আলী ও তরুণ ছাত্রলীগ নেতা রিবন আহাম্মেদ বাপ্পী। 

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন দুপুরে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ শাহরিয়ার আলমের সভাপতিত্বে একক প্রার্থী নির্বাচনের বিষয় নিয়ে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তবে ওই সভায় দলীয় প্রার্থী ও আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান শহীদ উপস্থিত হলেও অপর দুইজন বিদ্রোহী প্রার্থী উপস্থিত হননি। এমনকি তারা বিকেল ৫টা পর্যন্ত তাদের প্রার্থীতা প্রত্যাহার করেনি।

সভায় আড়ানী পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, দল যার হাতে নৌকা তুলে দিয়েছে আমরা সবাই তার পক্ষে ভোট করবো এবং নৌকাকে বিজয়ী করবো।

বর্ধিত সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল স্থানীয় সাংবাদিকদের জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পৃথকভাবে দুই বিদ্রোহী প্রার্থীকে তাদের প্রার্থীতা প্রত্যাহার করার অনুরোধ করেছেন। কিন্তু তারা সে কথা রাখেনি। তাদের বিষয়ে পরে দল সিদ্ধান্ত নেবে।

আরো পড়ুন: গাজীপুরে চতুর্থ শ্রেণির শিশু ধর্ষণের শিকার

উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম জানান, মঙ্গলবার বিকেলে ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ছিল। তবে কোনো প্রার্থীই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেনি। আগামী ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ করা হবে আগামী ১৬ জানুয়ারি। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। 

ইত্তেফাক/এসি