শেখ হাসিনা ক্ষমতায় আসায় এখন আর বিদ্যুৎ সংকট নেই: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, অতীতে বিএনপি বিদ্যুতের নামে খাম্বা দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা এক মেগাওয়াট বিদ্যুৎ ও উৎপাদন করতে পারেনি। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এ পর্যন্ত ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। দেশে এখন আর বিদ্যুৎ সংকট নেই। 

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে শরীয়তপুরের সখিপুরে পল্লী বিদ্যুতের জোনাল অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, এলাকার উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন সখিপুর উপজেলা হবে, তার আগে পৌরসভা হবে। আমি নিজ এলাকা স্বাবলম্বী করে যাবো, যাতে সখিপুরের মানুষকে আর কারো কাছে যেন যেতে না হয়। এছাড়াও সখিপুরের চরসেন্সাস ও কার্তিকপুরে আরো দুইটি বিদ্যুতের সাবস্টেশন হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাত ধরে দেশ এগিয়ে চলছে। মেঘনা টানেলের সমীক্ষা চলছে। শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ৪ লেন হবে। 

পানি সম্পদ উপমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগই দেশের একমাত্র রাজনৈতিক দল যেটি দেশের মাটি ও মানুষের মধ্যে থেকে দেশের মাটিতে জন্ম নিয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষের কল্যাণ হয়, বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারে বলে বারবার প্রমাণিত হয়েছে। আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এই অর্জন বাংলাদেশের সকল মানুষের। 

আরো পড়ুনঃ শিশু বলাৎকারের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

এসময় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জুলফিকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা, ইউএনও তানভীর আল নাসীফ, পল্লী সমিতির সভাপতি ফিরোজ হোসেন খান,নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার ঘোষ, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার।

পরে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম চরভাগা ইউনিয়নে বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন কর্তৃক ১৩টি গৃহহীন পরিবারকে ঘর প্রদান করেন। এসময় আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মাহবুব হোসেন, জেলা প্রশাসক পারভেজ হাসানসহ ঊর্ধ্বতন সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


ইত্তেফাক/এমএএম