নেতা-নেত্রীদের নতুন বছর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ২০২১ খ্রিষ্টাব্দ সামগ্রিকভাবে একটি শুভ সম্ভাবনাময় বছর। স্বদেশে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দেশ পরিচালনার ক্ষেত্রে বিবিধমুখী সাফল্যের জন্য সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এ বছর দুই বা ততোধিকবার তার বিদেশ সফরের সম্ভাবনা আছে। দলের অভ্যন্তরে এবং বাইরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হতে পারে। এ ব্যাপারে বছরের প্রথম থেকেই তার সতর্ক থাকা উচিত। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশের ভেতরে ও বাইরে কেউ কেউ গোপন শত্রুতায় লিপ্ত হতে পারে। চারপাশের সবাইকেই বন্ধু ভাবলে তিনি ভুল করবেন। প্রধানমন্ত্রী তার নিরাপত্তার বিষয়ে অধিকতর সতর্ক থাকলে ভালো করবেন। প্রধানমন্ত্রীর শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বলে আশা করা যায়।

 

বেগম রওশন এরশাদ 

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের জন্য বছরটি মোটামুটি অনুকূল থাকবে। তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হবেন। তার শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। তবে মাঝে মাঝে তিনি অসুস্থ বোধ করতে পারেন। তার একাধিকবার বিদেশ সফরের সম্ভাবনা আছে।

 

বেগম খালেদা জিয়া 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বছরটি মিশ্র সম্ভাবনাময়। রাজনৈতিক পরিমণ্ডলে তার অনুসারীরা যথেষ্ট সোচ্চার থাকলেও রাজনৈতিক ও স্বাস্থ্যগত কারণে তিনি ততটা সক্রিয় নাও থাকতে পারেন। তার শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো নাও থাকতে পারে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ চলমান থাকতে পারে। তার অনুসারীদের কাছে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।