জিরো পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সাবেক ডিএনডি প্রজেক্ট এলাকা অতিদ্রুত গড়ে ওঠা এক জনবহুল জনপদ। যাত্রাবাড়ি থেকে পূর্বদিকে বিস্তৃত সংসদীয় এলাকা ঢাকা-৫ আসনের এলাকা। ঢাকা শহরের অত্যন্ত কাছের এই এলাকায় বর্ষাকালীন জলাবদ্ধতা এক বিরাট সমস্যা। সরু রাস্তা, ঘিঞ্জি পরিবেশে ঘরবাড়ি এবং ছোট ছোট কলকারখানা সমৃদ্ধ। তাছাড়া মাতুয়াইলে আছে বিশাল এক ময়লার ডিপো—যেন ‘মড়ার উপর খাড়ার ঘা’। বৃষ্টিতে সেই ময়লার পানি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ময়লার ডিপোর দুর্গন্ধ ছড়ায় মাইলব্যাপী। অসহনীয় এক অবস্থা। জনগণের সমস্যা নিরসনে বর্তমান সরকারের সদিচ্ছার অভাব নেই। কিন্তু যাঁরা সমস্যা সমাধানের পরিকল্পনা প্রণয়নের সঙ্গে জড়িত, তাঁরা বাস্তবতা অনুধাবন করেন বলে মনে হয় না। মাঝখান থেকে ব্যয় হয় কোটি কোটি টাকা। উদাহরণস্বরূপ বলতে হয়—ঢাকা সিটি করপোরেশন তো প্রায় প্রতি বছরই রাস্তা খুঁড়ে মোটা মোটা পাইপ লাইন নির্মাণ করে পানি নিষ্কাশনের জন্য, অথচ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় নগর জুড়ে!
আমাদের এলাকার উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া জরুরি—১. জলাবদ্ধতা নিরসনে ব্যাপক জরিপ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, ২. গুরুত্ব বিবেচনায় রাস্তাগুলোকে আরো চাওড়া করে টেকসইভাবে নির্মাণ করা, ৩. মাতুয়াইলের ময়লার ডিপো অন্যত্র সরিয়ে নিয়ে ময়লার অত্যাধুনিক শোধনাগার নির্মাণ। তবেই নোংরা ও অসহনীয় পরিবেশ থেকে মুক্তি পাবে এলাকাবাসী।
লুত্ফর রহমান ভূঁইঞা
মাতুয়াইল, ঢাকা