লড়াই করেও পারল না পাকিস্তান

বিদায় বুঝিই এভাবেই জানাতে হয়। একই দিনে বক্সিং ডের তিনটি টেস্ট শুরু হলেও, ক্রিকেট বিধাতা যেন তার সব রোমাঞ্চ জমিয়ে রেখেছিলেন মাউন্ট মঙ্গানুইয়ে। যে কারণে শেষ দিনের শেষ সময় পর্যন্ত বুঁদ হয়ে থাকতে হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচে। রুদ্ধশ্বাস লড়াইয়ে যেখানে ১০১ রানের অবিস্মরণীয় জয় পায় কিউইরা।

অথচ ম্যাচের চতুর্থ দিন পর্যন্ত মনে হয়েছে নিউজিল্যান্ডের জয় যেন সময়ের ব্যাপার। এমনকি গতকাল শুরুতেও বদলায়নি রঙ। ৩৭৩ রানের লক্ষ্যে ৭১ রানে ৩ উইকেট নিয়ে খেলতে নামা পাকিস্তান শুরুতেই হারায় আজহার আলিকে। রোমাঞ্চের শুরুটা এখান থেকেই।

অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে এগোতে শুরু করেন ফাওয়াদ আলম। এমন নয় যে, মাটি কামড়ে পড়েছিলেন, বল ব্যাটে আসায় শুধু এড়িয়ে গেছেন ভালো বলগুলো। তাতেই পেরিয়েছেন দুই সেশন। সাড়ে ১১ বছর পর সেঞ্চুরি তুলে সফরকারীদের জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন ফাওয়াদ।

অবশেষে চিন্তায় ডুবে থাকা কেন উইলিয়ামসনের মুখে হাসি ফোটান কাইল জেমিসন। রিজওয়ানকে (৬১) রিভিউর মাধ্যমে ফিরিয়ে ভাঙেন ১৬৫ রানের জুটি। এরপর নিল ওয়াগনারের বলে ফাওয়াদ (১০২) চলে গেলে মুহূর্তেই এলোমেলো সব। বেশক্ষণ টিকেননি ফাহিম আশরাফ, মোহাম্মদ আব্বাস, ইয়াসির শাহরা। তারপরও শেষ উইকেটে শাহীন আফ্রিদি-নাসিম শাহম জুটিতে টিকে ছিল ম্যাচ বাঁচানোর আশা। এই জুটি কাটিয়ে দেন ৭ ওভারের বেশি সময়। আর ২৭ বল পার করলেই লেখা হবে রূপকথা। কিন্তু তখনই রূপকথার বদলে থ্রিলার গল্পের ক্লাইমেক্স লেখেন মিচেল স্যান্টনার। দুর্দান্ত এক ফিরতি ক্যাচে নাসিমকে ফিরিয়ে পুরো দলকে উল্লাসে ভাসান এই স্পিনার। ২৭১ রানে অলআউট সঙ্গে ২০২০ সালকেও বিদায় দিলেন রোমাঞ্চকর ভাবে। 

রুদ্ধশ্বাস হারে হূদয় ভাঙলেও হতাশ নয় পাকিস্তান। অধিনায়ক রিজওয়ান জানালেন সেই কথাই, ‘একটুও হতাশ নই, এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আমরা ভালোই লড়াই করেছি। কিন্তু নিউজিল্যান্ড বেশ পরিশ্রম করায় ফল তাদের পক্ষে গিয়েছে।’

এই জয়ে ঘরের মাঠে টানা ১৬ ম্যাচ অপরাজিত নিউজিল্যান্ড। ধারবাহিকতার দরুন প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল কিউইরা। যার হাত ধরে এই সাফল্য সেই উইলিয়ামসনের হাতেই ওঠেছে ম্যাচ সেরার পুরস্কার। প্রতিকূল পরিস্থিতি প্রথম ইনিংসে ১২৯ রানের অসাধারণ ইনিংস খেলেন কিউই অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড : ৪৩১ ও ১৮০/৫ (ডিক্লে.)।

পাকিস্তান: ২৩৯ ও ১২৩.৩ ওভারে ২৭১ (ফাওয়াদ ১০২, রিজওয়ান ৬০, আফ্রিদি ৮*, নাসিম ১; সাউদি ৩৩-২, বোল্ট ৭২-২, জেমিসন ৩৫-২, ওয়াগনার ৫৫-২, স্যান্টনার ৫২-২)।

ফল :নিউজিল্যান্ড ১০১ রানে জয়ী। ম্যাচ সেরা :কেন উইলিয়ামসন