ইংল্যান্ড জুড়ে যখন দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন, তার আঁচ এবার গিয়ে পড়ছে প্রিমিয়ার লিগেও। মঙ্গলবার প্রিমিয়ার লিগে এক দিনে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এই মৌসুমে এক দিনে সর্বোচ্চসংখ্যক শনাক্তের রেকর্ড। এর আগে সোমবার করোনার প্রাদুর্ভাবের জন্য স্থগিত হয়েছে এভারটন-ম্যান সিটির ম্যাচটিও। এই শঙ্কাজনক পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ বন্ধ রাখার ডাক দিচ্ছেন স্যাম অ্যালাডাইসের মতো ম্যানেজাররা। এ মুহূর্তে কিছুদিনের জন্য প্রিমিয়ার লিগ বন্ধ রাখাটাই যৌক্তিক পদক্ষেপ হবে মনে করেন এই বর্ষীয়ান কোচ। শুধু অ্যালাডাইস একা নন, তার সঙ্গে সুর মিলাচ্ছেন আরো অনেকেই। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এখনো লিগ বন্ধ করার চিন্তা করছে না বলে জানিয়েছে বিবিসি। তবে এরই মধ্যে ম্যান সিটি, ফুলহাম, শেফিল্ড ইউনাইটেডের মতো ক্লাবগুলো করোনার প্রাদুর্ভাবে জর্জরিত। এ সংখ্যাটা বাড়লে ক্লাবগুলোর চাপেই লিগ বন্ধ করতে হতে পারে লিগ কর্তৃপক্ষের।