জামালপুরে ব্যাপকভাবে হচ্ছে আলুর চাষ

জামালপুর জেলায় চলতি মৌসুমে ব্যাপকহারে গোল আলুর চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় আলুর বাম্পার ফলনের আশা করছে আলু চাষিরা। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলুখেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে। ইতিমধ্যে নতুন আলু উঠতে শুরু করেছে বাজারে। জামালপুর সদর উপজেলার কালীবাড়ি, চরশী, কামালখান, তিতপল্লা, হাজীপুর বারুয়ামারী ব্রহ্মপুত্র নদের অববাহিকা লক্ষ্মীর চর, নাওভাঙ্গা চর, ইসলামপুরের সিরাজাবাদ, বাহাদুরপুর, কান্দা চর, ডিগ্রীর চর, মেলান্দহের ৫ নম্বর চর, আমডাঙ্গা, বালুর চর, দেওয়ানগঞ্জের, বাহাদুরাবাদ, আমখাওয়া, সানন্দবাড়ি, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে ব্যাপকভাবে আলুর চাষ হয়েছে।

সদর উপজেলার আলুচাষি বারেক সেক, সুলতান মিয়া, সুরুজ আলী ও হীরা মিয়া বলেন, বেশি দামে বীজ ও কীটনাশক কিনে আলু আবাদ করেছি। ভালো দাম না পেলে চরম ক্ষতিগ্রস্ত হব। তারা বলেন, আলু সংরক্ষণে জেলায় পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নাই। তাই আলু সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। এজন্য সরকারের প্রতি তাদের দাবি, সুলভমূল্যে বীজ, কীটনাশক সরবরাহের পাশাপাশি সহজশর্তে ঋণ প্রদান করে পর্যাপ্ত কোল্ড স্টোরেজ স্থাপনের।

এ বিষয়ে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম বলেন, ২০২০-২১ অর্থবছরে আলুর আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৭০০ হেক্টর জমি। এবার আবাদ হয়েছে ৪ হাজার ৫২৫ হেক্টর জমি। সব মিলিয়ে এবার জেলায় আলু পাওয়া যাবে প্রায় দেড় লাখ মেট্রিক টনের বেশি। কৃষকের সমস্যার কথা স্বীকার করে তাদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে অভ্যন্তরীণ বাজার সৃষ্টির পাশাপাশি আলু রপ্তানির ওপর জোর দেন তিনি।